অন্যের জন্যে দোয়া করলে অন্যের সফলতা আসে কিন্তু নিজের এখনো সাফল্য আসছে না কেন?

Question: 

অন্যের জন্যে দোয়া করলে অন্যের সফলতা আসে কিন্তু নিজের এখনো সাফল্য আসছে না কেন?

Answer: 

একটি জিনিস সবসময় মনে রাখতে হবে যে কর্ম ছাড়া প্রার্থনা কবুল হয় না। অন্যে ঠিকমতো কাজ করছে তাই তাদের জন্যে দোয়া করলে সাফল্য আসছে। আপনার দোয়াটা সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। নিজের ক্ষেত্রে আপনি ঠিকমতো কাজ করছেন না, পাওয়ার প্রক্রিয়ায় প্রবেশ করছেন না, তাই হচ্ছে না। যেমন আপনি বিয়ের প্রার্থনা করলেন, ভালো বিয়ে হোক। বিয়ে হওয়ার একটা প্রক্রিয়াতো আছে। বর বা কনে তো আর আকাশ থেকে নেমে আসবে না। পরিচিতদের বলতে হবে। যারা এ ব্যাপারে অভিজ্ঞ, যারা উদ্যোগ নিতে পারে তাদের সাথে যোগাযোগ করতে হবে। যেমন এক ছেলে মাকে আর কিভাবে বলবে বিয়ের কথা। তাই বলছে, ওরা সব বাবা হয়ে গেছে আমার চেয়ে বয়সে ছোট। এসে বলছে, অমুকে বাবা হয়ে গেছে।
কোয়ান্টাম শিশুকাননের জন্যে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন ছিলো। এখন আমরা যদি আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দাও করে বসে থাকতাম তাহলে কি হতো? এটার জন্য আমাদের প্রক্রিয়ার মধ্যে যেতে হয়েছে এবং সে প্রক্রিয়া হচ্ছে মাটির ব্যাংক। প্রক্রিয়ায় না গেলে তো হবে না। এ নিয়ে গল্প আছে।
এক এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি, গবাদি পশু, মানুষ সব ভেসে যাচ্ছে। এসময় একটি লোক আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, হে আল্লাহ তুমি আমাকে উদ্ধার কর। কিছুক্ষণের মধ্যে দেখা গেল, একটি নৌকা আসছে এদিকে। মাঝি লোকটিকে নৌকায় উঠে আসতে বললো। কিন্তু সে রাজী হলো না। বললো, নৌকার দরকার নেই। আল্লাহই আমাকে উদ্ধার করবেন। নৌকা চলে গেল। পানি আরো বাড়তে লাগলো। তার ঘরের অর্ধেকরও বেশি অংশ ডুবে গেল। সে ঘরের মধ্যে চৌকি দিয়ে মাচা করে তার ওপর উঠে দাঁড়ালো। এর মধ্যে সেনাবাহিনীর পেট্রোল বোট অর্থাৎ স্পিডবোট যখন এদিক দিয়ে যাচ্ছিলো তাকে দেখে বললো, উঠে এসো। আমরা বন্যাদুর্গতদের উদ্ধার করছি। সে তাদেরকেও বিদায় করে দিলো এই বলে যে, আমি আপনাদের সাথে যাবো না। আল্লাহই আমাকে উদ্ধার করবেন।
স্পিডবোট চলে গেল। এবার পানি বেড়ে তার ঘরের চাল পর্যন্ত উঠে গেল। সে গিয়ে দাঁড়ালো চালের ওপর। এমন সময় ওপর দিয়ে আর্মির হেলিকপ্টার তাকে দেখতে পেয়ে সাথে সাথে রশি ফেলে বললো, এই রশি ধর। আমরা তোমাকে উঠিয়ে নিচ্ছি। সে বললো, আমি রশি ধরবো না, আল্লাহই আমাকে উদ্ধার করবেন। পানি আরো বাড়লো এবং পানিতে ডুবে সে শেষ পর্যন্ত মারাই গেল। মারা গিয়ে ফেরেশতাদের সঙ্গে দেখা হওয়ার পর বললো, আমি আল্লাহকে এত ডাকলাম, অথচ তিনি আমার কথা শুনলেন না!। ফেরেশতারা বললো যে দেখ, আল্লাহ তো প্রথমে ডিঙি নৌকা পাঠালেন, তারপর স্পিড বোট পাঠালেন, তারপর হেলিকপ্টার পাঠালেন। তারপরও যদি তুমি না ওঠো তাহলে আল্লাহ তোমাকে কীভাবে রক্ষা করবেন? কীভাবে বাঁচাবেন?
অর্থাৎ আপনাকে মনছবি করতে হবে। সেইসাথে কাজও করতে হবে।