- বাংলা
- English
স্বেচ্ছা রক্তদাতারা এগিয়ে যাবেন সুস্থ সুন্দর জীবনের পথে

কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের উদ্যোগে ২০ জানুয়ারী ২০১২ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হলো সিলভার ব্লাড ডোনার(যারা নূন্যতম ১০ বার স্বেচ্ছায় রক্ত দিয়েছেন) এবং গোল্ডেন ব্লাড ডোনারদের(যারা নূন্যতম ২৫ বার স্বেচ্ছায রক্ত দিয়েছেন) বিশেষ সম্মাননা অনুষ্ঠান। অনুষ্ঠানে মোট ২৫৩ জন সিলভার ব্লাড ডোনার এবং ১৮ জন গোল্ডেন ব্লাড ডোনারকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ২৫বার রক্ত দিয়েছেন এমন দুজন নারী স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয় এই আয়োজনে। অনুকরণীয় এই দৃষ্টান্ত স্থাপনকারী দুজন হলেন জিন্নাতুন নাহার বিউটি এবং হাসনা আরা বেগম।
স্বাগত বক্তব্যে কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক সমন্বয় মিসেস সুরাইয়া রহমান বলেন, ‘রক্ত পরিসঞ্চালন নিরাপদ করতে কোনরকম সরকারী সহায়তা ছাড়াই ২০০০ সালে আমরা গড়ে তুলি কোয়ান্টাম ব্লাডল্যাব। আজ আমাদের স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৬২৩ জন। এতগুলো বছরে কোয়ান্টামের রক্তদান কার্যক্রমের অগ্রপথিক ছিলেন আমাদের স্বেচ্ছা রক্তদাতারা। আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন।’
প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধাণ বিচারপতি মো. ফজলুল করিম বলেন, ‘পেশাদার রক্তদাতাদের রক্ত আর পানির মাঝে কোন পার্থক্য নেই। কারণ তা অনিরাপদ এবং মুমূর্ষু রোগীর জন্যে প্রাণঘাতী। আমি বিশ্বাস করি, এই যে আপনারা নিজের রক্তে শত শত মানুষের প্রান বাঁচাচ্ছেন এজন্যে স্রষ্টাও আপনাদের সকল দূর্যোগে নিরাপদ রাখবেন এবং স্বেচ্ছা রক্তদাতারা এগিয়ে যাবেন সুস্থ সুন্দর জীবনের পথে।’
বিশেষ অতিথি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ্য ডা. এবিএম মাকসুদুল আলম বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানের মানুষ হিসেবে আমি জানি শরীরের অপরিহার্য একটি উপাদান রক্ত এবং প্রয়োজনের মুহূর্তে রক্তের বিকল্প হতে পারে শুধুমাত্র রক্তই। আমরা নিজেদের কিভাবে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা বলে দাবি করতে পারি যদি অন্যের বিপদে এগিয়েই না এলাম? স্বেচ্ছা রক্তদান এমন এক ত্যাগ যাতে রয়েছে অফুরন্ত প্রাপ্তির আনন্দ। নিরাপদ রক্ত নিশ্চিত করতে কোয়ান্টামের এই উদ্যোগের সাথে আমিও সংযুক্ত হয়ে মানুষের কল্যাণ করতে চাই, সেই কল্যাণ যা লোক দেখোনো নয়, শুধুমাত্র স্রষ্টার সন্তুষ্টির জন্যে।’
বিশেষ সম্মাননা অনুষ্ঠানের সভাপতি কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী স্বেচ্ছা রক্তদাতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যারা নিঃস্বাথর্ভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসছেন তাদের প্রতি আমরা শুধু সম্মান আর শ্রদ্ধাই জ্ঞাপন করতে পারি। এই মহৎ কাজের প্রতিদান শুধুমাত্র সর্বশক্তিমান স্রষ্টাই দিতে পারেন।’